যদি
একজনকে দাঁড় করিয়ে না রাখতাম
তোমার সঙ্গে,
গল্প করে কাটিয়ে দিতাম
দিন, মাস, বছর শতাব্দীর পর শতাব্দী।
যদি একজনকে অপেক্ষায় না রাখতাম
তোমার প্রতীক্ষায় বসে থাকতাম-অনন্ত জীবন ব্যাপী।
যদি একজনকে কথা না দিতাম-
তাহলে-
আমার সমস্ত কথাগুলো দিতাম তোমায় লিখে।
যদি একজনকে ভাল না বাসতাম,
এক পৃথিবীসম ভালবাসায়
করতাম - অবগাহিত তোমায়।
যদি একজনের জন্য জীবন না দিতাম-
এ জীবন
পেতে তুমি।
সে আছে, আছো তুমি-
আমার স্বপ্নে ভেসে আছি আমি।